বাংলা ভাষায় ভয়েস সার্চ সেবা আনতে কাজ করছে মার্কিন শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। পাশাপাশি হিন্দি, তামিল ও মারাঠি ভাষায় ভয়েস সার্চ সেবা চালুর পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য সম্প্রতি ভারত সরকারের তথ্যপ্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিডিএসির সঙ্গে একটি যৌথ উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের স্থানীয় বিভিন্ন কনটেন্ট ইন্টারনেটে আনা ও সংশ্লিষ্ট অঞ্চলের ৩০ কোটি মানুষকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে গুগল।গুগল বর্তমানে ইংরেজিতে ভয়েস সার্চ সেবা দেয় এবং এরই মধ্যে হিন্দি ভাষায় এ সেবা চালুর ঘোষণা দিয়েছে। এছাড়া বাংলা, তামিল ও মারাঠি ভাষায় আগামী মাস নাগাদ ভয়েস সার্চ সেবা চালু করা হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক রাজন আনান্দান এ বিষয়ে জানান, ভারতে বর্তমানে ২০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন এবং প্রতি মাসে এ সংখ্যা ৫০ লাখ করে বাড়ছে, যার অধিকাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। এছাড়া তিনি জানান, ধারাবাহিকভাবে এ সংখ্যা বাড়তে থাকলে ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে এক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত। সম্প্রতি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টারনেট অ্যালায়েন্স (আইএলআইএ) নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
সম্প্রতি ইন্টারনেট ব্যবহারের দিক থেকে ভারতের পাশাপাশি বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। ক্রমাগতভাবে বাড়ছে দেশটির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। মূলত এ কারণেই বাংলা ভাষায়ও ভয়েস সার্চ সেবা চালুর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজন আনান্দান।সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার ইন্টারনেট সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোকে ইন্টারনেটের আওতায় আনতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। এক্ষেত্রে পিছিয়ে নেই শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও। মূলত এরই ধারাবাহিকতায় উভয় প্রতিষ্ঠান ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদানের প্রকল্প চালু করেছে। ধারণা করা হচ্ছে, এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভারতীয় বেশ কয়েকটি ভাষাসহ বাংলায় সার্চ সেবা চালু করছে গুগল। ফলে বাংলাদেশ ও ভারতে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা আরো এক ধাপ বাড়বে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অমিত সিংহল জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য ভারত এবং বাংলাদেশ গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাজার। উভয় দেশে প্রযুক্তি পণ্য ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দ্রুত। এ কারণেই সংশ্লিষ্ট অঞ্চলে ইন্টারনেট সেবা প্রসারে হিন্দি বাংলাসহ কয়েকটি ভাষায় সার্চ সেবা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

No comments:
Post a Comment