শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের মাধ্যমিক স্তরে জেন্ডার সমতা ২০১২ সালেই অর্জিত হয়েছে।
আগামী ৩ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরেও জেন্ডার সমতা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার জাপানের নাগোয়ায় ‘শিক্ষার টেকসই উন্নয়ন’ শীর্ষক ৩ দিনব্যাপী ইউনেস্কো সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষায় বাংলাদেশের সাফল্য ও অগ্রগতির নানাদিক তুলে ধরে বক্তৃতাকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ইউনেস্কো ও জাপান সরকার আয়োজিত এ সম্মেলনে শিক্ষামন্ত্রী এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে বক্তৃতা দিচ্ছিলেন। এ সম্মেলনে বাংলাদেশের ৫ সদস্যবিশিষ্ট দলের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমানে আমাদের দেশে প্রাথমিকে ভর্তির হার ৯৯ শতাংশের ওপর।
জাপানের রাজকুমার নারোহিতো ৩ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হাকুবুন শিমোমুরা, ওমানের শিক্ষামন্ত্রী মিজ্ মাদিহা আহমেদ আল শাইবানি ও ইউনেস্কোর মহাপরিচালক মিজ্ ইরিনা বেকোভা বক্তৃতা করেন।

No comments:
Post a Comment