হজের সময় পেরোনোর পর শুরু হয় সবার বাড়ি ফেরার পালা। কিন্তু সে পালা শেষ হলেও এবার ৩ হাজার ৪৪৬ জন হজযাত্রী সৌদি আরব থেকে ফেরেননি।
শনিবার হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শেষ হয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের শনিবার পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার সরকারি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজির সংখ্যা ৯৫ হাজার ১৫৯ জন।
অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনার সদস্যসহ সৌদি আরবে যাওয়া সর্বমোট হজযাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৬০৫ জন। সে অনুযায়ী, ৩ হাজার ৪৪৬ জন হজযাত্রী দেশে ফেরেননি। উল্লেখ্য, প্রতি বছরই হজের নামে সৌদি আরব গিয়ে অনেকে ফিরে আসেন না। তারা মূলত সেখানে অবৈধভাবে কাজ-কর্মে জড়িয়ে পড়েন।
আশকোনা হজ অফিসের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ডেডিকেটেড হজ ফ্লাইট শেষ হলেও আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাজিরা আসবেন। তখন বোঝা যাবে হজে গিয়ে আসলে কত জন আসেননি। উল্লেখ্য, গত ৩ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ফিরতি ফ্লাইট শুরু হয় ৮ অক্টোবর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফিরতি ফ্লাইট সংখ্যা ২৪৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১২৪টি এবং সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ১২৪টি।
সৌদি আরব যাওয়ার ফ্লাইট ২৭ আগস্ট শুরু হয়ে শেষ হয় ৩০ সেপ্টেম্বর। এক্ষেত্রে মোট ফ্লাইট সংখ্যা ছিল ২৫৫টি। বেসরকারি ব্যবস্থাপনায় মোয়াল্লেম ফি জমা দেয়া এজেন্সির সংখ্যা ৮৩৫টি।
হজ অফিসের তথ্য অনুযায়ী, হজে গিয়ে সর্বমোট ৯১ জন মৃত্যুবরণ করেন। এর মধ্যে ৭৯ জন পুরুষ এবং ১২ জন মহিলা রয়েছেন। মৃত্যুবরণকারী মক্কায় ৬৪ জন, মদিনায় ১৮ জন, জেদ্দায় ৪ জন ও মিনায় ৫ জন মারা যান।

No comments:
Post a Comment